‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১০:৩৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১০:৩৪:৫৭ অপরাহ্ন
‎স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
অভিযুক্তদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, সাবেক পৌর মেয়র নাদের বখ্ত, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন রয়েছেন। ‎
রোববার (২ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর-০১।
‎মামলার বাদী মো. নিজাম উদ্দিন (৫০)। তিনি সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের রাবারবাড়ি গ্রামের বাসিন্দা ও হাফিজ ইয়াকুব আলীর ছেলে। ‎সোমবার সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ মামলার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের চেকনিখাড়া ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনাকে কেন্দ্র করেই থানায় দায়ের হওয়া অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে মামলা নথিভুক্ত করা হয়। ‎মামলায় মোট ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা রয়েছেন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও তদন্তের আওতায় আনা হতে পারে বলে জানা গেছে। ‎
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ‎

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com