স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ মাহবুবুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, মাহবুবুর রহমান সুনামগঞ্জ শহরের অন্যতম ইয়াবা কারবারি। সে সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি (মাইজবাড়ি) এলাকার খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম-এর কাছে গোপন তথ্য আসে, শহরের লঞ্চঘাট এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিককে অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। পরে এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে লঞ্চঘাট এলাকা থেকে ইয়াবাসহ মাহবুবুর রহমানকে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। শহরে মাদক কারবার ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।