দিরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও বস্ত্র বিতরণ

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০২:০২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০২:০২:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামে মরহুম হাজী ওয়াহিদ উল্লাহ ও মরহুমা ফাতিরা বিবি স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ এবং দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় রাজনাও ইসলামিয়া মাদ্রাসায় যুক্তরাজ্য প্রবাসী মো. আলা মিয়া ও তাঁর পরিবারের উদ্যোগে দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা কার্যক্রমে জগদল, রাজনাও, সিন্নাত, নারায়ণকুড়ি, বাঁশুড়ি, সারংপাশা, উত্তর জগদল, রায়বাঙালি, দাসনাগাঁও, নূরপুরসহ বিভিন্ন গ্রামের প্রায় ২৫০ জন চক্ষু রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে বাছাই করে ছানি ও মাংসপেশির সমস্যায় আক্রান্ত ২৮ জন রোগীর অপারেশন করা হয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়। চক্ষু চিকিৎসা কার্যক্রম শেষে স্থানীয় দরিদ্র পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। চিকিৎসা সেবার দায়িত্বে ছিলেন জনতা চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওবায়দুর রহমান। সহযোগিতায় ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মো. মশিউর রহমান, ডাইরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) শ্যামল চন্দ্র তালুকদারসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এ সময় যুক্তরাজ্য প্রবাসী মো. আলা মিয়া, তাঁর নাতি রাহিল ও আয়ানসহ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চিকিৎসা নিতে আসা জগদল ইউনিয়নের রায়বাঙালী গ্রামের আলাউর রহমান (৬০) বলেন, প্রতি বছর বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে আমাদের এলাকার মানুষ খুবই উপকৃত ও আনন্দিত। এ উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ। একই গ্রামের আব্দুল মান্নান (৫০) বলেন, প্রবাসী আলা মিয়া সাহেব প্রতিবছর যেভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করে আসছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত রাখার দাবি জানাই। রাজিয়া বেগম ও মেন্নেকা বেগম বলেন, যাঁরা চোখে দেখতে পান না, তাঁদের কাছে পৃথিবী অন্ধকার। বিনামূল্যে চিকিৎসার মাধ্যমে অনেক রোগী আবার চোখের আলো ফিরে পাচ্ছেন। এ মহৎ উদ্যোগের জন্য প্রবাসী আলা মিয়া ও তাঁর পরিবারের প্রতি আমাদের আন্তরিক দোয়া ও কৃতজ্ঞতা রইল।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com