স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ কথিত সাংবাদিক মোশারফ হোসেন লিটন (৪০) ও আমীর হোসেন (৫০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ বোতল ভারতীয় ‘এসি ব্ল্যাক’ মদ ও একাধিক প্রেস কার্ড জব্দ করা হয়েছে।
রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল নবীনগর এলাকায় অভিযান চালায়। এ সময় ‘প্রেস’ লেখা একটি মোটরসাইকেলের গতিরোধ করে তাতে থাকা দুই ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে পাঁচ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অবৈধভাবে মদ পরিবহনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটক মোশারফ হোসেন লিটন শহরের মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি নিজেকে একটি জাতীয় দৈনিকের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। অপর আটক আমীর হোসেন শহরের ষোলঘর এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
পুলিশের দাবি, মোশারফ হোসেন লিটন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ও ‘প্রেস’ লেখা মোটরসাইকেল ব্যবহার করে মাদক ব্যবসা, চোরাচালান ও অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক পরিচয়ে মাদক পরিবহন ও ব্যবসার অভিযোগের তথ্য পুলিশের কাছে ছিল।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন বলেন, অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রকৃত সাংবাদিকদের সোচ্চার হওয়া প্রয়োজন। মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।