স্টাফ রিপোর্টার ::
শিশু কিশোরদের সুপ্ত সৃজনশীল প্রতিভা বিকাশ ও চিত্রকলার প্রতি অনুরাগ সৃষ্টি লক্ষ্যে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো দেশব্যাপী শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বুধবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।
আয়োজকরা জানান, বর্তমান সময়ের শিশু কিশোরদের ক্যানভাসের মাধ্যমে মননশীল চর্চায় উদ্বুদ্ধ করা এবং তাদের মেধার বিকাশ ঘটানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।
প্রতিযোগিতা চলাকালে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ এবং জেলা জাসাসের সদস্য সচিব মো. মুনাজ্জির হোসেন সুজন।