ছাতক প্রতিনিধি ::
ছাতকে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা যুবলীগের সদস্য লোকমান আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লোকমান আহমদ বাতিরকান্দি গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। তিনি বাতিরকান্দি-পাটিভাগ সমবায় সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও নাশকতার আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ সংকটের বিষয়ে মানববন্ধনের আড়ালে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে - এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুতের বিষয়ে মানববন্ধন করে নাশকতার পাঁয়তারা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে ভোররাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, লোকমান আহমদকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।