জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৪৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৪৮:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‎বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাচনা বাজারের জয়নাল আবেদীন কটন স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকান মালিক শহিদুল ইসলামের দোকান থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। ‎অভিযান শেষে জব্দ করা ৫০ কেজি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ‎এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন ও উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী সুরঞ্জিত রায়। ‎
এব্যাপারে ইউএনও বলেন, হাওর ও জলাশয়ে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের পক্ষ এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com