স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কয়েছ আহমদ (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন গৌরারং বাজার সংলগ্ন গৌরারং সাকিনের পশ্চিমপাড়ায় আমির উদ্দিনের স-মিলের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো. কয়েছ আহমদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মোট ওজন ১০ দশমিক ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার ৩৫০ টাকা। গ্রেফতারকৃত মো. কয়েছ আহমদ সুনামগঞ্জ সদর উপজেলার উমেদশ্রী গ্রামের মো. আজিব উদ্দিনের ছেলে।
অভিযানে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) অঞ্জন সরকার, এএসআই আব্বাস উদ্দিন, কনস্টেবল মোশারফ হোসেন ও কনস্টেবল মনির হোসেন অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।