বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, পাশে মসজিদ : দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারী

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৯:০৬:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৯:০৬:৪৪ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ :: ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে ময়লার স্তূপ পড়ে থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি ও পথচারীরা। বিদ্যালয়ের সামনের রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সরু রাস্তার পাশে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে রয়েছে। এর মাত্র কয়েক হাত দূরেই বাদশাগঞ্জ বাজার জামিয়া মসজিদ। প্রতিদিন এ রাস্তা দিয়ে বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের শত শত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। স্থানীয়রা জানান, বাজারের বিভিন্ন দোকান ও বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তার পাশে ফেলা হচ্ছে। ফলে দিন দিন ময়লার স্তূপ বড় হচ্ছে। বৃষ্টির সময় এসব ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ে রাস্তা ও আশপাশের পরিবেশ আরও নোংরা হয়ে যায়। দুর্গন্ধের কারণে পথচারীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থী ও মসজিদে আসা মুসল্লিদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ বলেন, এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এবং সরু। এই রাস্তা দিয়ে আমার স্কুলের শিশুদের পাশাপাশি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের শত শত শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও সাধারণ পথচারীরা যাতায়াত করেন। ময়লার দুর্গন্ধে বমি আসার উপক্রম হয়। তিনি আরও বলেন, আমাদের স্কুলের সরু রাস্তার গেটের সামনেই রয়েছে অটোরিকশার স্ট্যান্ড। এতে শিক্ষার্থীদের চলাচলে আরও সমস্যা হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. শাহজাহান মিয়া বলেন, স্কুল ও মসজিদের সামনে ময়লার স্তূপ পড়ে থাকা খুবই দুঃখজনক। এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। এ সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনকে এগিয়ে আসতে হবে। স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যালয় ও মসজিদের সামনে থেকে ময়লার স্তূপ অপসারণ করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর নজরদারি প্রয়োজন। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, স্কুল ও মসজিদের সামনে এ ধরনের ময়লার স্তূপ থাকা ঠিক নয়। এটি অবশ্যই পরিবেশদূষণ। আমি বিষয়টি দেখব। সরেজমিনে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে স্থায়ী সমাধানের চেষ্টা করব।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com