সলিমপুর কুরিয়ার বাঁধে স্লুইসগেট নির্মাণ ও মহাসিং নদী খননের দাবি

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৮:৫৯:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৮:৫৯:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দেখার হাওরের বোরো ফসল রক্ষা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে মহাসিং নদীসহ সব খাল-বিল খনন ও সলিমপুর কুরিয়ার বাঁধে স্লুইসগেট নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। বুধবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি বাহাদুরপুর গ্রাম কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তারা এই দাবি তুলে ধরেন। আব্দুস সালামের সভাপতিত্বে ও তৈয়ব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, শ্রমিক নেতা আইয়ুবুর রহমান ও আলী আকবর। এছাড়া স্থানীয় কৃষক নেতাদের মধ্যে আবুল কাশেম ও সালেকনুরসহ আরও অনেকে বক্তব্য দেন। সভায় ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বক্তারা বলেন, সার, বীজ, ডিজেল ও ট্রাক্টরের ক্রমাগত ঊর্ধ্বগতির মধ্যেও চড়া সুদে ঋণ নিয়ে বোরো ধান চাষ করতে হয়। কিন্তু ফসল তোলার মুহূর্তে অপরিকল্পিত বাঁধ ও অকাল বন্যার কারণে এক ফসলি এই হাওরের সম্পূর্ণ ধান পানির নিচে তলিয়ে যায়। ফলে প্রতিবছরই প্রান্তিক কৃষকদের নিঃস্ব হতে হচ্ছে। এই জলাবদ্ধতা ও ক্ষতির জন্য সরাসরি পানি উন্নয়ন বোর্ডের (পাঊবো) অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণকেই দায়ী করেন বক্তারা। তারা অভিযোগ করেন, হাওরের প্রাকৃতিক পানি প্রবাহের পথকে পুরোপুরি উপেক্ষা করে এসব অবকাঠামো গড়ে তোলা হয়েছে। কৃষক নেতারা অবিলম্বে এলাকা ও কৃষি রক্ষায় ৩ দফা জোর দাবি জানান। দাবি গুলোর মধ্যে রয়েছে, বৈরাগীমারা সলিমপুর সংলগ্ন কুরিয়ার বাঁধে মাছ ও পানির চলাচলের সুযোগ রেখে অবিলম্বে একটি কার্যকর স্লুইসগেট নির্মাণ করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে মহাসিং নদীসহ সংযুক্ত সব পলি জমে ভরাট হওয়া খাল-বিল দ্রুত খনন করতে হবে। হাওরের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্তকারী সব অপরিকল্পিত ও ক্ষতিকর বেড়িবাঁধ অপসারণ করতে হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com