স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ফুচকা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের পলাশ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার আরিফ শেখ (৩৪) ও একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার জিহাদ ফকির (৩৪)।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১১০টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দ করা ফুচকার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া ফুচকা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮ নম্বরের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যানটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা ফুচকা ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই মো. মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলামসহ একটি দল অভিযানটি পরিচালনা করে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।