সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৪:৫৬:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৪:৫৬:৩৪ অপরাহ্ন
​স্টাফ রিপোর্টার:: সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন, শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা কর্মদিবস ও নিয়োগপত্র প্রদান এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। ​সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয় থেকে লালপতাকা ও ব্যানারসহ একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান। পরবর্তীতে শ্রমিকরা পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আলফাত উদ্দিন চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন। ​সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরঞ্জিত দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিটু দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির মিয়া এবং শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক জিয়াউর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা লিটন দাস ও জিষু পাল। ​শ্রমিক নেতাদের মূল দাবি, ২০২৩ সালে সরকার সর্বনিম্ন মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ করলেও তা এখনো কার্যকর করা হয়নি। মালিকপক্ষ জোরপূর্বক ১২-১৩ ঘণ্টা কাজ করালেও অতিরিক্ত মজুরি দিচ্ছে না। অবিলম্বে নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বই প্রদান এবং ৮ ঘণ্টা কর্মদিবস পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। গেজেট ও শ্রম আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। একই সাথে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিয়মিত পরিদর্শন নিশ্চিত করা ও ঢাকার স্টার কাবাবের ৪ জন শ্রমিকসহ নেত্রকোনা ও সিলেটের শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত 'হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। এছাড়া ১৬ জুন রংপুরে খামারবাড়ি আলম হোটেলের শ্রমিক শাওনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইএলও কনভেনশন অনুযায়ী নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের জোর দাবি জানানো হয়। ​সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, হোটেল-রেস্তোরাঁ খাতের প্রায় ৪০ লক্ষ শ্রমিক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। অনতিবিলম্বে সরকারের ঘোষিত গেজেট বাস্তবায়ন ও শ্রমিকদের ৬ দফা যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com