স্টাফ রিপোর্টার ::
এসএসসি-২০২৬ পরীক্ষায় ফলাফল আশানুরূপ না হওয়ার কারণ খুঁজে বের করে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ফলাফল পর্যালোচনা, বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও উত্তরণের উপায় নিয়ে সুনামগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এ তাগিদ দেওয়া হয়।
সোমবার বিকেলে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরীর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের (কলেজ) উপপরিচালক ড. মো. আব্দুল কাদির, উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক, জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন এবং সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম।
সভায় এসএসসি-২০২৬ পরীক্ষার ফলাফল বিশ্লেষণ ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করা হয়। ফলাফল আশানুরূপ না হওয়ার সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।
এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা, দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ নজর দেওয়া, শিক্ষকদের পাঠদানের মান আরও উন্নত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার সকল উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।