স্টাফ রিপোর্টার::
"শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই জাতির উন্নতির মুক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ২০২৬। সোমবার (১ আগস্ট) বেলা ১টায় কলেজ অডিটোরিয়ামে অনার্স ১ম বর্ষের (২০২৫-২০২৬) শিক্ষার্থীদের বরণ এবং অনার্স ৪র্থ বর্ষের (২০২০-২০২১) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের মাধ্যম নয়, বরং চরিত্র গঠন ও সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। তরুণদের হাত ধরেই জাতির কাঙ্ক্ষিত উন্নতি অর্জিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের অতিথি শিক্ষক তসকির আলী, প্রভাষক ফজলে রাব্বি মিয়া, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আহসান শহীদ আনসারী এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সুলাইমান সিরাজী। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নবীনদের একাডেমিক সুশৃঙ্খলার প্রতি অনুগত থাকার আহ্বান জানান।
বিভাগের ছাত্র আনিসুর রহমান মাহফুজ (২০২৪-২৫ সেশন) ও তানজিলা হক আইভীর (২০২৫-২৬ সেশন) যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সাইফুল। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী জাফরিন ও ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মুমিনা।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার ও তানজিলা হক আইভী। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন আবু সালেহ রিয়াদ।
আনুষ্ঠানিক আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পরিবেশিত গান ও নাটিকা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মুগ্ধ করে।