ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার জিংলীগড়া গ্রামের নিজ বাড়ির সামনে থাকা জলাশয়ে ঠেলাজাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে রাব্বি মিয়া নামের ১১ বছর বয়সী এক শিশু সাপের কামড়ে আহত হয়েছে। সে ওই গ্রামের জিয়া উদ্দিনের ছেলে। বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহত শিশুটিকে ওইদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিশুটির পরিবার, এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার জিংলীগড়া গ্রামের বাসিন্দা শিশু রাব্বি মিয়া বুধবার সকাল সাড়ে নয়টার দিকে নিজ বাড়ির সামনে থাকা জলাশয়ে ঠেলাজাল দিয়ে মাছ শিকার করতে যায়। মাছ শিকার করার এক পর্যায়ে সকাল ১০টার দিকে একটি সাপ তার ডান হাতের আঙুলে কামড়ে দেয়। কাঁদতে কাঁদতে শিশুটি নিজ বাড়িতে গিয়ে সাপের কামড়ের ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে পরিবারের সদস্যরা শিশুটির ডান হাতের কবজির ওপরের অংশে কাপড় দিয়ে বেঁধে তাকে ওইদিন সকাল ১১টার দিকে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।
উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শরীফুল ইসলাম বলেন, নিজেদের বাড়ির সামনে থাকা জলাশয়ে ঠেলাজাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে বুধবার সকাল ১০টার দিকে আমাদের গ্রামের রাব্বি মিয়া নামের এক শিশু সাপের কামড়ে আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার বলেন, ওই শিশুটির শরীরের রক্ত জমাট বাঁধার পরীক্ষায় (ক্লটিং টেস্ট) ফলাফল নেগেটিভ এসেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেরাম প্রতিষেধক মজুদ রয়েছে। প্রয়োজন অনুযায়ী তাকে এন্টিভেরাম দেওয়া হবে।