স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গুগল, অ্যামাজনসহ দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হয়ে দেশের সুনাম বয়ে আনবে - এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বক্তারা।
বৃহ¯পতিবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সকিনা আক্তার। তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তারা দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবে - এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছবাব মিয়া, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবু রায়হান, সাংবাদিক স্বপন কুমার বর্মণ, শিক্ষক শহীদ ও শাহ আলম।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সোবহান আল বিনতে শহীদ, নওরীন আক্তার পুষ্প ও মো. সিয়াম মাহদি।
সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।