স্টাফ রিপোর্টার::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরীকান্দী গ্রামে গভীর রাতে অতর্কিত হামলা চালিয়ে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকার, রৌপ্য, নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় নারী ও শিশুসহ কয়েকজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী দোলেনা, আলপনা, মায়মনা, তানিয়া আক্তার ও সুফিয়া বেগম জানান, পূর্বশত্রুতার জের ধরে নওধার গ্রামের প্রায় ২০ জনের একটি দল রাতের আঁধারে হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা রামদা, দা, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে ফেলে।
তাদের অভিযোগ, প্রথমে বাড়ির এক পুরুষ সদস্যকে মারধর করা হয়। পরে নারী ও শিশুদের ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে হামলাকারীরা ঘরে থাকা স্বর্ণালংকার, রৌপ্য, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
ভুক্তভোগীরা বলেন, আকস্মিক হামলার ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। ভবিষ্যতে আবারও হামলার আশঙ্কায় তারা প্রশাসনের কাছে নিজেদের জানমালের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার দাবি করেছেন।