৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি

আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০১:৩৬:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০১:৩৬:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারতের কাশ্মীরে গিয়ে ছাতক উপজেলার দুই যুবক ও কোম্পানীগঞ্জ উপজেলার এক যুবক নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রায় এক মাস ১০ দিন ধরে পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। এতে স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজরা হলেন- ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের মৃত মনোহর আলীর ছেলে সোহেল, একই গ্রামের মৃত রুসমত আলীর ছেলে আয়াছ আলী এবং সিলেটের কো¤পানীগঞ্জ উপজেলার জালিয়ারপাড় গ্রামের আনছার আলীর ছেলে আলা উদ্দিন। আলা উদ্দিন অভিযোগকারী মোছা. সামতেরা বেগমের জামাতা। নিখোঁজদের স্বজনদের পক্ষ থেকে ছাতক থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ফাহিম নামের এক ব্যক্তি ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে তিন যুবককে ভারতে কাশ্মীরে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানে যাওয়ার পর প্রথমদিকে পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও একপর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনদের দাবি, নিখোঁজদের বিষয়ে খোঁজ নিতে গেলে ফাহিমের বাবা ফারুক পরিবারের কাছে প্রথমে ৩০ হাজার টাকা দাবি করেন। এর মধ্যে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা দেওয়া হয়। পরে আরও ৪০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে তিনজনকে আটকে রেখে মুক্তির বিনিময়ে ১ লাখ ৩০ হাজার টাকা দাবি এবং টাকা না দিলে ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। তবে অভিযোগে ওঠা এসব তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর এসআই মঞ্জুকে ফারুকের সন্ধান ও ঘটনার বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এসআই মঞ্জু জানান, ফারুকের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে এবং তাকে থানায় আসতে বলা হলেও তিনি আসেননি। তার অবস্থান সিলেটের বাইরে বলে জানা গেছে। ফারুক দাবি করেছেন, তার ছেলে ফাহিম ভারতে রয়েছে এবং তিনিও বর্তমানে ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, ফারুকের সঙ্গে কথা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ফারুকের অবস্থান নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং নিখোঁজ তিন যুবকের অবস্থান জানার চেষ্টা চলছে। ফাহিমের ভারতীয় মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। এদিকে অনুসন্ধানের অংশ হিসেবে ফারুকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কথা বলা হয়েছে এবং কথোপকথনের রেকর্ড সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। এসব কথোপকথনে নিখোঁজ তিনজন ভারতের একটি পুলিশ ফাঁড়িতে থাকার কথা বলা হলেও ফাঁড়িটির নির্দিষ্ট নাম বা অবস্থান নিশ্চিত করা যায়নি। নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধারে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগ দাবি করেছে পরিবার। একই সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রাষ্ট্রীয় উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। পরিবার এ বিষয়ে ছাতক উপজেলা প্রশাসন ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com