টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে পর্যটকের মৃত্যু

আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৯:২১:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৯:২১:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আশিষ কুমার রায় মাগুরা জেলা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া-শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে। তিনি পেশায় একজন আর্টিস্ট ছিলেন। স্থানীয় ও পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে ছয়জন পর্যটককে নিয়ে ‘নোঙর’ নামের একটি হাউজবোট তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হয়। দিনভর হাওরে ঘোরাফেরা ও গোসল শেষে বিকেলে তারা ট্যাকেরঘাট নৌকা ঘাটে পৌঁছান। পরে সবাই শহীদ সিরাজ লেক এলাকায় ঘোরাফেরা করতে যান। শহীদ সিরাজ লেক এলাকা থেকে ট্যাকেরঘাটের দিকে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান আশিষ কুমার রায়। এ সময় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে সুস্থ করার চেষ্টা করেন। তার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সঙ্গে থাকা বন্ধুদের বিষয়টি জানানো হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে আশিষকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর স্পিডবোটযোগে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‘নোঙর’ হাউজবোটের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, সকালে ছয়জন পর্যটক তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার নৌকা ঘাট থেকে হাউজবোটে ওঠেন। দিনভর টাঙ্গুয়ার হাওর ঘুরে বিকেলে তারা ট্যাকেরঘাটে যান। পরে শহীদ সিরাজ লেক এলাকা ঘুরে ট্যাকেরঘাটে ফেরার সময় আশিষ কুমার অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে সুস্থ করার জন্য মাথায় পানি দেওয়াসহ বিভিন্নভাবে চেষ্টা করেন। প্রয়াতের বন্ধু রাজ শেখর বণিক বলেন, বিকেলে তারা সবাই শহীদ সিরাজ লেক এলাকার ছোট ছোট টিলায় ওঠেন এবং আশপাশে ঘোরাফেরা করেন। একপর্যায়ে তারা পাঁচজন একসঙ্গে হলেও আশিষকে দেখতে না পেয়ে তার মোবাইলে ফোন করেন। ফোনে সাড়া না পেয়ে পরে তার মোবাইল থেকেই ফোন আসে। তখন তারা জানতে পারেন, আশিষ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে ¯িপডবোটে করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. নওশাদ আহমেদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com