স্টাফ রিপোর্টার ::
নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে নৃত্যম নৃত্যালয় আয়োজিত দুই দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, কোরিওগ্রাফার ও নৃত্য প্রশিক্ষক মুনমুন আহমেদ।
অনুষ্ঠানে দেন অ্যাডভোকেট হাফিজা আহমেদ, অ্যাডভোকেট শামীম আশরাফ, নৃত্যম নৃত্যালয়ের উপদেষ্টা লেখক, কবি ও গবেষক সুখেন্দু সেন, সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ এবং নৃত্যম নৃত্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অহনা এষ।
অনুষ্ঠানে মুনমুন আহমেদ বলেন, যেকোনো বিষয়ের ধারাবাহিকতা থাকলে সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব। নৃত্যম নৃত্যালয়ের এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজন করা প্রয়োজন। সম্ভব হলে প্রতি দুই মাস পর পর কর্মশালা আয়োজনের মাধ্যমে সংগঠনটি আরও এগিয়ে যাবে। তিনি অহনা এষের পাশে থেকে সংগঠনটির কার্যক্রমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি বলেন, কর্মশালায় অংশ নেওয়া শিশুরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নাচ শেখার চেষ্টা করেছে এবং ভালো করেছে। অভিভাবকেরা সন্তানদের শেখার জন্য নিয়ে এসেছেন বলেই শিশুরাও আগ্রহ নিয়ে শিখতে পেরেছে।
নৃত্যচর্চার গুরুত্ব তুলে ধরে মুনমুন আহমেদ বলেন, নাচ শিখে অনেক কিছু করা সম্ভব। নৃত্য শেখানোর সুবাদে তিনি বিশ্বের প্রায় ৪০টি দেশ সফর করেছেন। একসময় সমাজে নৃত্যকে বিরূপ দৃষ্টিতে দেখা হতো। বর্তমানে সেই দৃষ্টিভঙ্গিতে অনেক পরিবর্তন এসেছে। নৃত্যচর্চা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ ও সক্রিয় রাখতে সহায়ক। তাই শিশুদের নৃত্য শেখানোর জন্য উৎসাহিত করা উচিত। এর মাধ্যমে তাদের জীবনে আনন্দের পাশাপাশি একটি আলোকিত ভবিষ্যৎ গড়ে উঠতে পারে।
নৃত্যম নৃত্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অহনা এষ বলেন, তাঁর প্রিয় সংগঠন নৃত্যম নৃত্যালয়ের উদ্যোগে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ নৃত্য কর্মশালার আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে নৃত্যশিল্পীরা এতে অংশ নেন। কর্মশালাটি সফলভাবে স¤পন্ন হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, সাবেক কাউন্সিলর আরতি তালুকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিমল বণিক, সিদ্ধার্থ এষ, শিক্ষক উমা চক্রবর্তী, শিপ্রা পাল, শিউলী বণিক, নৃত্য প্রশিক্ষক শ্রাবন্তী পুরকায়স্থ, দেবপ্রিয়া পাল, সৌরভ অধিকারী অয়ন, রূপালী এষ, পূর্ণিমা কর্মকার, পিংকি দাস, বিধান বণিক বাঁধন, দেবাশীষ তালুকদার শুভ্র, সামির পল্লব, রিপন চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রথম আলোর প্রতিনিধি খলিল রহমান, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন ও কুলেন্দু শেখর তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কর্মশালায় অংশ নেওয়া নৃত্যশিল্পীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।