স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ আলী আক্তার নেন্টু (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন পূর্ব তেঘরিয়া এলাকায় এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের একটি বিশেষ দল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা আলী আকবরের ছেলে আলী আক্তার নেন্টুর নিজ বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে কক্ষ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ১০০ টাকা উদ্ধার ও জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার টাকা বলে জানিয়েছে অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধী যে-ই হোক না কেন, কোনো পরিচয় বা প্রভাব দেখে ছাড় দেওয়ার সুযোগ নেই।
এ ঘটনায় উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব বাদী হয়ে গ্রেপ্তারকৃত আলী আক্তার নেন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।