বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে স্মরণ, তিনি ছিলেন অসাম্প্রদায়িকতা ও মানবিক চেতনার কণ্ঠস্বর

আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১০:০৭:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১০:০৮:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বাউল সংগীতের কিংবদন্তি সাধক ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহ আব্দুল করিম শুধু একজন বাউল শিল্পী নন, তিনি ছিলেন গ্রামবাংলার মানুষের জীবন-সংগ্রাম, প্রেম-বিরহ, অসাম্প্রদায়িকতা ও মানবিক চেতনার কণ্ঠস্বর। তাঁর গান ও দর্শন আজও মানুষকে অন্যায়, শোষণ, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়। শনিবার বিকেল সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শহরের হাছন রাজা মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন লোকসংস্কৃতি গবেষক সুভাষ উদ্দিন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি খলিল রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু ও বাউল সমিতির সভাপতি বাউল তছকির আলী। আলোচনা সভায় বক্তারা বলেন, শাহ আবদুল করিম তাঁর সৃষ্টিশীলতার মধ্য দিয়ে মানুষের মনের কথা বলেছেন। তাঁর গানে উঠে এসেছে হাওরপাড়ের মানুষের জীবন, দুঃখ-বেদনা, প্রেম, বিরহ, অধিকারবোধ ও সমাজবাস্তবতা। একই সঙ্গে তাঁর গান সমাজের নানা অনিয়ম, অন্যায়-অবিচার, শোষণ ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি হিসেবে কাজ করেছে। বক্তারা আরও বলেন, শাহ আবদুল করিমের গান কোনো নির্দিষ্ট সময় বা শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর সৃষ্টিকর্ম প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে। বাংলা লোকসংগীতের ভা-ারকে সমৃদ্ধ করার পাশাপাশি তিনি বাউল সংগীতকে দেশ-বিদেশে পরিচিত করে তুলেছেন। তাঁর জীবন ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত গবেষণা, চর্চা ও সাংস্কৃতিক আয়োজন প্রয়োজন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় বাউল শিল্পীরা শাহ আব্দুল করিমের লেখা ও সুর করা বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন। বাউল গানের সুরে হাছন রাজা মিলনায়তনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। দর্শক-শ্রোতারাও গভীর আগ্রহ ও আবেগ নিয়ে কিংবদন্তি এই বাউল সাধকের গান উপভোগ করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com