স্টাফ রিপোর্টার::
নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নজরূল বর্ষ উদযাপন কমিটির সভাপতি মোঃ রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থিতিতে এ বাছাই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সদরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ হারুন রশিদের প্রাণবন্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিপ্লব সরকার, সাদাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব শর্মা এবং ইছাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবেকানন্দ দাস রান্টু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীবৃন্দ।
প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দুই বিভাগে চিত্রাঙ্কন, নৃত্য, সঙ্গীত, কবিতা আবৃত্তি এবং অভিনয় এই পাঁচটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রাথমিক পর্যায়ের ভেন্যু অনুযায়ী সকালে সুনামগঞ্জ লোকসংস্কৃতি সংগ্রহশালায় চিত্রাঙ্কন ও নৃত্য, হাছন রাজা মিলনায়তনে সঙ্গীত এবং রাধারমন দত্ত ভবনের ২য় তলার শ্রেণিকক্ষে কবিতা আবৃত্তি ও অভিনয় অনুষ্ঠিত হয়। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতাও জেলা শিল্পকলা একাডেমির নির্ধারিত কক্ষে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুষ্ঠু ও নিরপেক্ষ মূল্যায়নের জন্য প্রতিটি বিষয়ের জন্য অভিজ্ঞ বিচারক প্যানেল দায়িত্ব পালন করেন। নজরুল সঙ্গীত বিভাগে চম্পা রানী রায়, রূপশ্রী রায়, সোহেল রানা ও মানসী রায় কবিতা। আবৃত্তিতে বিপ্লব চন্দ্র দাস, রুনা শাহিনারা সেইছ, পল্লব ভট্টাচার্য ও আহমেদ নুর আলবাব। চিত্রাঙ্কনে ধীরেন্দ্র ভূষণ তালুকদার মঙ্গু, শুভ রায় ও অঞ্জন চৌধুরী। নৃত্যে সৌরভ অধিকারী, শ্রাবন্তী পুরকায়স্থ, মিতা রানী দাস, শুক্লা রায় ও দেবপ্রিয়া পাল, এবং অভিনয় বিভাগে হাবিবুর রহমান পল্লব, গৌতম কুমার কর তপন, নেপাল চন্দ্র দাস ও শাহিনা চৌধুরী রুবী বিচারকের দায়িত্ব পালন করেন।
এছাড়া সমগ্র প্রতিযোগিতার ফলাফল সংগ্রহ, সংরক্ষণ ও নিবন্ধনের দায়িত্বে ছিলেন শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি কমিটি। নির্ধারিত নিয়ামাবলী অনুসরণ করে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে দিনব্যাপী প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।