স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে নদীতে নেমে নিখোঁজের দু’দিন পর মাহি আহমদ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিবগঞ্জ বাজারসংলগ্ন খাসিয়াপাড়া খেয়াঘাট এলাকায় ইটাখলা নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ তার বোনের সঙ্গে স্থানীয় ইটাখলা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে সুনামগঞ্জ শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুই দিন পর রবিবার সকালে নদীর পানিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।