দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৯:২১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৯:২১:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে দুর্যোগপ্রবণ এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে ‘প্রটোকল অ্যান্ড টেকার বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেম ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ (প্রতিষ্ঠা) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত এবং কেয়ার বাংলাদেশের তত্ত্বাবধানে কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রতিষ্ঠা প্রকল্পের সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন কর্মশালাটি সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক, চেম্বার অব কমার্সের সভাপতি শামসুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোখলেছুর রহমান, সমবায় কর্মকর্তা মাহিদুল ইসলাম, সহকারী সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূইয়া, সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মো. বুরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, সিএনআরএসের সমন্বয়ক সাইফুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠা প্রকল্পের সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং ইসলামিক রিলিফের প্রজেক্ট অফিসার শাখাওয়াত শান্তসহ সংশ্লিষ্টরা। কর্মশালায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকার মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন এনজিও ও উন্নয়ন সংস্থা কাজ করছে। বিশেষ করে বন্যা, খরা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। প্রকল্পের কার্যক্রম যেন শুধু লোকদেখানো বা কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে। প্রকল্পের সুফল যেন প্রকৃত দুর্যোগকবলিত মানুষের কাছে পৌঁছায় এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে - এটাই মূল লক্ষ্য হওয়া উচিত। বক্তারা আরও বলেন, মানুষের মুখে হাসি ফোটাতে হলে দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন দ্রুত সাড়া এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করতে হবে। উল্লেখ্য, দিরাই উপজেলায় ইতোমধ্যে প্রতিষ্ঠা প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com