স্টাফ রিপোর্টার ::
বালুমহাল নিয়ে যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী। তিনি বলেছেন, কোনো ধরনের অনিয়ম কাউকে করতে দেওয়া হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অনিয়ম প্রতিরোধ করে তাহিরপুরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন ইউএনও রিপামনি দেবী।
ইউএনও বলেন, বালুমহাল নিয়ে যে অনিয়ম রয়েছে, তা কঠোরভাবে দমন করব - আমার পক্ষ থেকে শতভাগ। কোনো অনিয়ম কাউকে করতে দেওয়া হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব অনিয়ম প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, তাহিরপুর পর্যটনসমৃদ্ধ, ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত একটি উপজেলা। এ উপজেলাকে শুধু বাংলাদেশের মধ্যে নয়, বিশ্বের কাছে একটি আদর্শ উপজেলা হিসেবে তুলে ধরতে চান তিনি। মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং উপজেলার উন্নয়নের সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন কাজ করবে।
রিপামনি দেবী আরও বলেন, তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে তাহিরপুর উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনে সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন তিনি। আইনসঙ্গত যেকোনো প্রয়োজনে তাঁর দরজা সবার জন্য খোলা থাকবে বলেও জানান নবাগত ইউএনও।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, বালুমহাল, পর্যটন, উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবা নিয়ে আলোচনা হয়। বক্তারা তাহিরপুরের উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে নবাগত ইউএনওকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।