স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে অঙ্গীকার

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১২:৪৯:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১২:৪৯:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন সুনামগঞ্জের তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দিয়েছেন তারা। ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন : তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক কর্মশালায় এ অঙ্গীকার করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সুনামগঞ্জ শহরের একটি গেস্ট হাউজের সম্মেলন কক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জেলার তরুণ নেতৃত্বাধীন ৩৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪৬ জন প্রতিনিধি অংশ নেন। সনাক সুনামগঞ্জের সভাপতি কানিজ সুলতানার সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান। মূল আলোচনায় মো. আতিকুর রহমান দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসনের উপাদান, সুশাসনের ঘাটতি এবং এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ে বক্তব্য দেন টিআইবির সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম। তথ্য অধিকার আইনের প্রয়োগে কৌশল ও করণীয় বিষয়ে আলোচনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি কো-অর্ডিনেটর মো. হোজ্জাতুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সনাক সুনামগঞ্জের ইয়েস বিষয়ক উপকমিটির আহ্বায়ক দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস। আয়োজকেরা জানান, তরুণদের মধ্যে সুশাসন, দুর্নীতিবিরোধী সচেতনতা ও তথ্য অধিকার বিষয়ে জ্ঞান বাড়ানোর পাশাপাশি নিজ নিজ সংগঠনের মাধ্যমে এসব বিষয়ে সামাজিক আন্দোলন জোরদার করাই কর্মশালার মূল উদ্দেশ্য। কর্মশালায় ইয়েস গ্রুপ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ, আস্থা যুব ফোরাম, বন্ধুসভা, হেলথ ওয়াচ যুব ফোরাম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ রোভার স্কাউট, বিএনসিসি, বাঁধন, সুরমা যুব ফোরাম, ওয়ার্ল্ড ভিশন যুব ফোরাম, সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটিসহ বিভিন্ন তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালার শেষপর্বে অংশগ্রহণকারী তরুণ সংগঠকেরা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ও প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে নিজ নিজ সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে তারা যৌথভাবে শপথ গ্রহণ করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com