৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১২:৫১:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১২:৫১:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে ৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের সদরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খারাজোড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল হামিদ (৫৫), আহামদাবাদ গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. বাতেন মিয়া (৪৩) এবং একই গ্রামের রহিম উদ্দিন তালুকদারের ছেলে মো. সফর আলী (৫০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চুনারুঘাট থেকে একটি বাসে করে তিন ব্যক্তি গাঁজা নিয়ে আসছেন - এমন গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে শান্তিগঞ্জ থানাধীন সদরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আব্দুল খালিকের চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসানো হয়। পরে ওই চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। বাসের চালক, সুপারভাইজার ও সাধারণ যাত্রীদের উপস্থিতিতে আইন অনুযায়ী তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ আতাউর রহমান সজীব বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। ‎

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com