নদী শুধু পানির প্রবাহ নয়; নদীকে ঘিরেই গড়ে ওঠে জনপদ, কৃষি ও মানুষের জীবন-জীবিকা। অথচ সেই নদী থেকেই যদি অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করা হয়, তাহলে এর ভয়াবহ প্রভাব পড়ে নদীর তীরবর্তী মানুষের ওপর। মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পাশে মনাই নদীতে দুটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগটি তাই অত্যন্ত উদ্বেগজনক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ১০-১২ দিন ধরে দুটি ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু তোলা হচ্ছে। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি ও বোরো ফসলের জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো - এ ধরনের বালু উত্তোলনের জন্য প্রশাসনের কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশার ইউএনও। ফলে অভিযোগটি সত্য হলে এটি নিছক নদী থেকে বালু উত্তোলনের ঘটনা নয়; বরং সরকারি বিধি-নিষেধ অমান্য করে পরিবেশ ও জননিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলার শামিল।
অভিযোগে স্থানীয় রাজনৈতিকভাবে পরিচিত দুই ব্যক্তির নাম এসেছে। তবে তাঁরা নিজেদের স¤পৃক্ততার কথা অস্বীকার করেছেন এবং তাদের নাম ব্যবহার করে অন্য কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে পারে বলে দাবি করেছেন। অভিযোগের সত্যতা নির্ধারণ করা প্রশাসনের দায়িত্ব। কারও রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে তদন্তে শৈথিল্য দেখানোর সুযোগ নেই। একইভাবে, অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করাও সমীচীন নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করাই হবে দায়িত্বশীলতার পরিচয়।
অবৈধ বালু উত্তোলন বন্ধে শুধু মৌখিক আশ্বাস যথেষ্ট নয়। প্রশাসনকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ড্রেজার দুটির বৈধতা, বালু উত্তোলনের অনুমোদন, উত্তোলিত বালুর গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করতে হবে। অনুমোদনহীন উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নদীর তীর ও আশপাশের কৃষিজমি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি।
আমরা আশা করি, মনাই নদীকে ঘিরে ওঠা এই অভিযোগকে প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। নদী ও কৃষিজমি রক্ষা করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সংশ্লিষ্ট সবার দায়িত্ব। প্রভাবশালী যে-ই হোক, অবৈধভাবে প্রাকৃতিক স¤পদ আহরণ বন্ধে আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে। জনস্বার্থে মনাই নদীর বালু উত্তোলন বন্ধ এবং নদীতীরবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।