সামছুল ইসলাম সরদার ::
দিরাই পৌরশহরের চামটি খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সেতুটির বিভিন্ন অংশ থেকে ইট-পাথর খসে পড়ছে। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারীসহ রিকশা, সিএনজি, ট্রাক ও অন্যান্য হালকা-ভারী যানবাহন চলাচল করছে।
দিরাই পুরাতন বাজার ও থানা রোডের সংযোগস্থলে অবস্থিত সেতুটি পৌরশহরের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন সেতুটি ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেতুটির নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে মাত্র আটটি পিলারের ওপর চামটি খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর প্রায় তিন দশক পার হলেও সেতুটিতে উল্লেখযোগ্য কোনো সংস্কারকাজ হয়নি। এরই মধ্যে সেতুর বিভিন্ন স্থানের ইট-পাথর খসে পড়েছে এবং কাঠামোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দিনের পাশাপাশি রাতেও সেতুটির ওপর দিয়ে ট্রাক ও মালবাহী ভারী যানবাহন চলাচল করে। এসব যান পার হওয়ার সময় সেতুতে কাঁপন অনুভূত হয়। দীর্ঘদিন ধরে সেতুর পাশে ব্যবসা করায় তারা নিজেরাই এই ক¤পন অনুভব করেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
সেতুর পাশের একাধিক ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে সেতুটির সংস্কার হচ্ছে না। ইট-পাথর খসে পড়ছে। বিশেষ করে ট্রাক বা মালবাহী গাড়ি সেতু দিয়ে যাওয়ার সময় কাঁপন অনুভূত হয়। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি দিরাই শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগের অংশ হওয়ায় এর ওপর দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। সেতুটি বেহাল অবস্থায় থাকায় পথচারী ও যানবাহন চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সেতুটির অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার বলেন, সেতু মেরামতের বিষয়টি আমাদের নজরে আছে। পানি কমলেই আমরা সেতু মেরামতের উদ্যোগ নেব।