ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫৭:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫৭:৪৪ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের বড় মায়েরকোল গ্রামে ভূমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) গ্রামের উভয়পক্ষের বসতবাড়ির আঙিনায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, বড় মায়েরকোল গ্রামের হাফিজ আব্দুল আজিজের পরিবারের সঙ্গে একই গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বিরের পরিবারের লোকজনের ভূমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় কয়েক বার বৈঠক হয়েছে বলে স্থানীয়রা জানান। বৈঠকে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে আবারও উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুরে পূর্ব বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন বাড়ির আঙিনায় দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয়পক্ষের ৬ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের ছেলে জাকারিয়া (২২), ভাতিজা সাইফুর রহমান (২১), অপর পক্ষের গুরুতর আহত ইব্রাহিম আলী (২৫) ও তার পরিবারের তিন নারী রয়েছেন। আহত ৬ জনকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বিরের ভাই মোশাহিদ আলী বলেন, স্থানীয় মুরব্বিদের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয়েছে। বিরোধপূর্ণ ভূমির বিষয়ে আব্দুল মছব্বিরের কাছ থেকে খরচমূল্য পরিশোধ করে রেজিস্ট্রি করে নেওয়ার কথা রয়েছে। মুরব্বিদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার সময় হাফিজ আব্দুল আজিজের পক্ষের লোকজন জমিতে চাষ করেন বলে তারা দাবি করেন। এতে বাঁধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে তিনি জানান। অন্যদিকে হাফিজ আব্দুল আজিজ বলেন, তারা বিরোধপূর্ণ জমিতে হালচাষ করেননি। নিজেদের মালিকানাধীন জমিতে হালচাষ করতে গেলে অপরপক্ষ বাধা দেয় এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে তাদের পরিবারের তিন নারীসহ চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com