মামলা থেকে খালাস পেলেন ইউপি চেয়ারম্যান শওকত আলী

আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৯:০৯:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৯:৪৬:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী ২০২০ সালে দায়ের করা একটি মামলায় আদালতের রায়ে বেকসুর খালাস পেয়েছেন। প্রায় ছয় বছর ধরে মামলাটি চলার পর গত সোমবার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে খালাস দেন। এর আগে মামলায় প্রায় দুই মাস কারাভোগ করেন তিনি। মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩১ মার্চ করোনাভাইরাসের সংক্রমণের সময় অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেন তৎকালীন জাতীয় পার্টির নেতা মো. শওকত আলী। ওইদিন বিকেলে তিনি ইউনিয়নের নিয়ামতপুর বাজারের ব্যবসায়ী বিপ্লব দাসের কাছ থেকে চাল ক্রয় করেন। রাত আনুমানিক ১০টার দিকে ৩০ বস্তা চাল নিয়ে একটি পিকআপ জগন্নাথপুর টাওয়ার পয়েন্টে পৌঁছলে ডিবি পুলিশ চালগুলো আটক করে। পরে শওকত আলী খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডিবি পুলিশের সদস্যরা তাকে ও ব্যবসায়ী বিপ্লব দাসকে ডিবি কার্যালয়ে যাওয়ার কথা বলে। পরে তারা ডিবি কার্যালয়ে যাওয়ার পর আটক করে জব্দকৃত চালসহ মডেল থানায় সোপর্দ করেন। পরদিন সরকারি চাল বিক্রির অভিযোগে থানায় মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। প্রায় দুই মাস কারাভোগের পর তারা জামিনে মুক্তি পান। দীর্ঘদিন মামলার হাজিরা ও আইনি প্রক্রিয়া শেষে গত সোমবার আদালতের রায়ে শওকত আলী বেকসুর খালাস পান। এ মামলায় আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, অ্যাডভোকেট বিপ্লব কুমার দাস ও অ্যাডভোকেট নজরুল ইসলাম। এদিকে, ২০২২ সালের ইউপি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মো. শওকত আলী। খালাস পাওয়ার পর মো. শওকত আলী বলেন, করোনাকালীন মানবিক মূল্যবোধ থেকে আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। নিজের অর্থায়নে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। ওই সময়ের চাল নিয়ে আমাকে একটি মামলায় আসামি করা হয়। দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে সোমবার আদালতের রায়ে আমি বেকসুর খালাস পেয়েছি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com