স্টাফ রিপোর্টার ::
নৃত্যের ছন্দে সংস্কৃতির বিকাশ, শুদ্ধ সাংস্কৃতিক চর্চার প্রসার এবং নতুন প্রজন্মের মধ্যে নৃত্যশিল্পের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুনামগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী কথক নৃত্য প্রশিক্ষণ কর্মশালা। সাংস্কৃতিক সংগঠন ‘অয়নৃত্য’র আয়োজনে এই কর্মশালায় অংশ নিয়েছেন ৪০ জন প্রশিক্ষণার্থী। ভারতের ত্রিপুরার প্রখ্যাত নৃত্যগুরু রাহুল দেবের সান্নিধ্যে নৃত্যের নানা কৌশল ও শৈল্পিক সৌন্দর্য শেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রশিক্ষণার্থীরা।
বৃহ¯পতিবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে কর্মশালার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই সাংস্কৃতিক আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণ শুধু নৃত্যের কলাকৌশল শেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সুনামগঞ্জের নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা ও সৃজনশীলতার বিকাশেও ভূমিকা রাখবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন ভারতের ত্রিপুরার ঘুঙুরু ড্যান্স ফাউন্ডেশনের পরিচালক ও প্রখ্যাত নৃত্যগুরু রাহুল দেব। তাঁর অভিজ্ঞতা ও নির্দেশনায় প্রশিক্ষণার্থীরা নৃত্যের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখার সুযোগ পাচ্ছেন।
আয়োজক সংগঠন অয়নৃত্য’র প্রতিষ্ঠাতা ও নৃত্য প্রশিক্ষক সৌরভ অধিকারী অয়নের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নৃত্যগুরু রাহুল দেব, সাংবাদিক-আইনজীবী খলিল রহমান এবং সাংবাদিক ও স্কাউটস সংগঠক মো. বোরহান উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যগুরু রাহুল দেব বলেন, বাংলাদেশে এমন একটি আয়োজনে যুক্ত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রশিক্ষণার্থীদের নিজের সর্বোচ্চ দক্ষতা দিয়ে শেখানোর চেষ্টা করবেন বলেও জানান তিনি।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বলেন, সুনামগঞ্জ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রেই সমৃদ্ধ। সাংস্কৃতিক কর্মকা-ের পরিসর যত বিস্তৃত হবে, সমাজে শুদ্ধতা ও ইতিবাচক চর্চার ক্ষেত্রও তত বাড়বে। এ ধরনের আয়োজন সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা শিল্পকলা একাডেমি এ ধরনের উদ্যোগে সব সময় সহযোগিতা করবে।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এবং সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক। তিনি বলেন, হাওরজেলা সুনামগঞ্জের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। নৃত্য প্রশিক্ষণের মতো উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। মানুষ যত বেশি সুস্থধারার সাংস্কৃতিক কর্মকা-ে স¤পৃক্ত হবে, সমাজ ও দেশের জন্য তা তত বেশি ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অয়নৃত্যের প্রতিষ্ঠাতা সৌরভ অধিকারী অয়ন বলেন, প্রখ্যাত নৃত্যগুরু রাহুল দেবকে সুনামগঞ্জে নিয়ে এসে স্থানীয় ছেলেমেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা করা আমার কাছে একটি ড্রিম প্রজেক্ট। আমি চাই সুনামগঞ্জের ছেলেমেয়েরা সংস্কৃতিকে ধারণ করুক, নৃত্যশিল্পের চর্চায় এগিয়ে যাক এবং সৃজনশীল কর্মকা-ের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করুক। নৃত্যগুরু রাহুল দেবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা উপকৃত হবে। স্থানীয় শিল্পীদের জন্য অভিজ্ঞ প্রশিক্ষকের সান্নিধ্যে শেখার এমন সুযোগ ভবিষ্যতে নৃত্যচর্চার নতুন ক্ষেত্র তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।