লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:২৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:২৭:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: লিখলতে হলে পড়তে হবেই। লেখালেখি একটা সাধনার মতো। যারাই বিখ্যাত লেখক হয়েছেন তাঁরা প্রচুর পড়েছেন। তাই এক লাইন লিখতে হলে দশ লাইন পড়তে হবে। সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি আয়োজিত লেখালেখি কর্মশালার উদ্বোধনী আলোচনায় এসব কথা বলেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। শনিবার লাইব্রেরি মিলনায়তনে এই কর্মশালা হয়। এতে ৭০জন অংশগ্রহণকারী ছিলেন। লাইব্রেরির সহ-সভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খলিল রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মিনহাজুর রহমান আরও বলেন, চিন্তার সক্ষমতা, উদ্ভাবনী ও সৃজনশীলতা অর্জন করতে হয়। এ জন্য বেশি বেশি পড়তে হয়, জানতে হয়। তিনি বলেন, আমাদের শেকড়ের সন্ধান করতে হবে। গৌরবময় ইতিহাস জানতে হবে। শেকড় এবং মাটির গন্ধ ছাড়া সাহিত্য হয় না। কর্মশলায় প্রশিক্ষক ছিলেন কবি ইকবাল কাগজী, লেখক কুমার সৌরভ, লেখক-সাংবাদিক উজ্জ্বল মেহেদী। ইকবাল কাগজী কবিতা ও ছড়া নিয়ে আলোচনা করেন। আলোচনায় কবিতা লেখার ক্ষেত্রে ছন্দের প্রসঙ্গে ইকবাল কাগজী বলেন, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত ও মাত্রাবৃত্ত - ছন্দের এসব বিষয় অনেকের কাছে জটিল মনে হতে পারে। ছন্দের নিয়ম মেনে কবিতা লিখতে গিয়ে অনেক সময় কবিতার স্বাভাবিকতা নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। এসময় তিনি ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার ধারণার প্রসঙ্গ তুলে ধরে বলেন, কবিতা হলো স্বতঃস্ফূর্ত অনুভূতির শক্তিময় প্রকাশ। তার নিজের ভাষায়, শব্দের পর শব্দ সাজালেই কবিতা হয় না। সেরা এবং যথার্থ শব্দের প্রকাশ ঘটে ও ভাবের উপযুক্ত প্রকাশই হচ্ছে কবিতা। তিনি আরও বলেন, ইকবাল কাগজী বলেন, লেখালেখি শুধু শব্দ সাজানোর বিষয় নয়। একজন লেখককে শব্দের যথার্থ ব্যবহার জানতে হবে এবং যে ভাব প্রকাশ করতে চান, তার সঙ্গে সামঞ্জস্য রেখে শব্দ নির্বাচন করতে হবে। একই সঙ্গে নিয়মিত পড়াশোনা ও লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। লেখক প্রাবন্ধিক কুমার সৌরভ বলেন, লেখার ভাবনাটা গুরুত্বপূর্ণ। কি লিখবেন, কিভাবে লিখবেন সেটাকে আশ্বস্ত করতে হবে। আপনি একটি বিষয়কে বিভিন্ন ভাবে দেখতে পারেন। উপস্থাপন করতে পারেন। লেখক-সাংবাদিক উজ্জ্বল মেহেদী বলেন, খবরের সবচেয়ে বড় উৎস হচ্ছে মানুষ। মানুষের পর সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা উৎস থেকে সংবাদ পাওয়া যেতে পারে। তবে সাংবাদিকতার মূল স্বার্থ ও কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। তিনি বলেন, মানুষ ভালো থাকলে সাংবাদিকতা, সমাজ ও রাষ্ট্র - সবকিছুই ভালো থাকবে। তাই মানুষের জীবন, সমস্যা, সম্ভাবনা ও অভিজ্ঞতার মধ্য থেকেই সাংবাদিকদের সংবাদ খুঁজে বের করতে হবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের অভিনন্দনপত্র প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লাইব্রেরির সহসভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, লোকসংস্কৃতি গবেষক মোহাম্মদ সুবাস উদ্দিন, লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এনাম আহমেদ, কোষাধ্যক্ষ অ্যডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সহসাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী ও এ আর জুয়েল, সদস্য অ্যডভোকেট আবুল হোসেন ও সুরঞ্জিত গুপ্ত রঞ্জু উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com