স্টাফ রিপোর্টার ::
ছাতকে অভিযান চালিয়ে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ¯েপশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর একটি দল। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ৩-৪ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ছাতক থানার বড় কাপন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-৯-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে যাওয়া দলটি বড় কাপন বাজারের দক্ষিণ বড় কাপন এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তায় কয়েকজন ব্যক্তিকে অবস্থান করতে দেখে। এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার করা মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে। জব্দ করা আলামত ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।