স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন এবং দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিৎ কুমার চন্দ। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক জুবেল আহমদ, সুনামগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহসভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম এবং সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. জিয়াউল হক। সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সুনামগঞ্জ জেলা শাখার সদস্য মো. রাজু আহমেদ। স্বাগত বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জের সভাপতি ও দুপ্রকের সদস্য কানিজ সুলতানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বাড়াতে বিদ্যালয়ে সততা স্টোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাসিনা খানম চৌধুরী, অ্যাডভোকেট হেলেনা আক্তার, মোজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সি, প্রদীপ কুমার পালসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৭ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র, ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও ছাতা বিতরণ করা হয়।