একটি সেতু মানুষের যোগাযোগ সহজ করার কথা। অথচ দোয়ারাবাজার উপজেলার সুরমা
ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুটি এখন মানুষের জন্য হয়ে উঠেছে আতঙ্ক ও ভোগান্তির আরেক
নাম। ভাঙা রেলিং, ক্ষয়ে যাওয়া পাটাতন, বেরিয়ে থাকা লোহার রড আর অসংখ্য গর্ত - সব মিলিয়ে
সেতুটি যেন একটি দৃশ্যমান মৃত্যুফাঁদ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পার
হচ্ছেন সুরমা, লক্ষ্মীপুর ও বোগলাবাজার ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ।
২০০৪ সালে টিলাগাঁও রাবার ড্যাম সেচ প্রকল্পের আওতায় প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত
সেতুটির বয়স দুই দশক পেরিয়েছে। অথচ এত দীর্ঘ সময়ে বড় ধরনের সংস্কার হয়নি। একটি
জনগুরুত্বপূর্ণ অবকাঠামো দুই দশক ধরে সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়বে - এটি
কোনোভাবেই স্বাভাবিক প্রশাসনিক বাস্তবতা হতে পারে না। বরং এটি রক্ষণাবেক্ষণে
দীর্ঘদিনের অবহেলারই প্রমাণ।
সেতুটির সবচেয়ে বড় সমস্যা এর অপ্রশস্ততা। একসঙ্গে দুটি যানবাহন চলাচল করতে পারে না।
ফলে প্রায়ই সৃষ্টি হয় যানজট। জরুরি রোগী বহনকারী যানবাহনও আটকে পড়ে। অন্যদিকে, ভাঙা
রেলিং ও পাটাতনের গর্ত পথচারী ও যানবাহনের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
বিশেষ করে শিক্ষার্থী, শিশু, বয়স্ক মানুষ ও রোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। সেতুর নিচে
সুরমা নদীর ¯্রােত-সামান্য অসতর্কতা বা দুর্ঘটনাই কেড়ে নিতে পারে একটি প্রাণ।
প্রশ্ন হলো, একটি সেতু এতটা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার পরও কেন কার্যকর ব্যবস্থা নিতে এত
সময় লাগে? দুর্ঘটনা ঘটার পরই কি কর্তৃপক্ষের টনক নড়বে? মানুষের প্রাণহানি কিংবা বড়
কোনো দুর্ঘটনা না ঘটলে কি একটি জরাজীর্ণ সেতুর গুরুত্ব প্রশাসনের কাছে দৃশ্যমান হয়
না?
উপজেলা এলজিইডি নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠিয়েছে এবং বর্তমান সেতুর
সংস্কারের বিষয়েও প্রস্তাব রয়েছে - এটি আশাব্যঞ্জক। কিন্তু প্রস্তাব পাঠানোতেই দায়িত্ব শেষ
হয়ে যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অনুমোদন ও অর্থায়নের ব্যবস্থা করে কাজ শুরু করতে
হবে। নতুন সেতু নির্মাণে সময় লাগলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বর্তমান সেতুর
ঝুঁকিপূর্ণ অংশ জরুরি ভিত্তিতে মেরামত করা জরুরি।
উন্নয়ন শুধু নতুন প্রকল্প গ্রহণের নাম নয়; নির্মিত অবকাঠামোকে সচল, নিরাপদ ও
ব্যবহারযোগ্য রাখাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। লাখো মানুষের চলাচলের এই সেতুকে আর
অবহেলার তালিকায় রাখা যায় না। দুর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নিতে হবে। মানুষের নিরাপদ
চলাচলের অধিকার কোনো প্রকল্পের অনুমোদনের অপেক্ষায় থাকতে পারে না।