সুনামকণ্ঠ ডেস্ক ::
স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কত ধাপে অনুষ্ঠিত হবে - এসব বিষয়ে আগামী সোমবার (১২ অক্টোবর) রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহ¯পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, আগামী সোমবার কমিশনের সভা রয়েছে। ওই সভাতেই স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করে তা জানানো হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে প্যাকেজ পোস্টাল ভোটিং চালুর বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের কারিগরি সহায়তা চয়েছে নেপাল নির্বাচন কমিশন। এ নিয়ে দুই দিন ধরে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে নেপালের নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বাংলাদেশের মতো প্রবাসী ভোটিং ব্যবস্থা চালু করতে চায় নেপাল। এ জন্য বাংলাদেশের আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম সম্পর্কে কারিগরি সহযোগিতা নিতে আগ্রহ দেখিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
বৃহ¯পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে স্থানীয় সরকার নির্বাচনের বিস্তারিত সময়সূচি, কত ধাপে নির্বাচন হবে এবং কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে - এসব বিষয়ে আগামী সোমবার কমিশনের সভার পরই স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ।