বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:৫৩:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি ভিন্নতর বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সরকার কোনো কারণে ব্যর্থ হলে বা ষড়যন্ত্রের শিকার হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়তে পারে। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল আয়োজিত ‘গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধতার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। সরকারকে এগিয়ে নিতে ইতিবাচক কাজের প্রশংসা করার পাশাপাশি ভুল-ত্রুটি তুলে ধরে সংশোধনের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেন দুদু। সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কৃষকদের পাশে দাঁড়াতে কৃষিঋণ মওকুফের পাশাপাশি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ইতিবাচক কাজ মানুষের কাছে তুলে ধরতে হবে। শুধু সমালোচনা করে সরকারকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তবে সরকারের কাজে ভুলত্রুটি থাকলে তা-ও তুলে ধরতে হবে, যাতে প্রয়োজনীয় সংশোধন করা যায়। বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে জাতি ঐক্যবদ্ধ ছিল বলেই শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটানো সম্ভব হয়েছে। তাই গণতন্ত্র ও সরকারকে রক্ষায় ঐক্য ধরে রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে দুদু বলেন, কিছু এলাকায় এ নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও কঠোর হতে হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। মানুষের আস্থা নষ্ট হতে দেওয়া যাবে না।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com