স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ে সেবাগ্রহীতা মা ও সাধারণ মানুষের সুবিধার্থে ব্রেস্ট ফিডিং রুম ও ওয়েটিং রুমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্ষ দুটির উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের পরিকল্পনা ও বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। উপজেলা প্রশাসন কার্যালয়ে ব্রেস্ট ফিডিং রুম ও ওয়েটিং রুম চালুর ফলে সেবা নিতে আসা মা ও শিশুরা উপকৃত হবেন। একই সঙ্গে সাধারণ মানুষও অপেক্ষা করার জন্য একটি নির্ধারিত স্থান পাবেন। জনসাধারণের কল্যাণে এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, উপজেলা প্রশাসন কার্যালয়ে বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন অনেক মানুষ সেবা নিতে আসেন। তাদের মধ্যে শিশুদের নিয়ে আসা মায়েদের সুবিধার কথা বিবেচনা করে ব্রেস্ট ফিডিং রুম এবং সেবাগ্রহীতাদের অপেক্ষার জন্য ওয়েটিং রুমের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই, সরকারি সেবা নিতে এসে কেউ যেন অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন। সেবাগ্রহীতাদের জন্য আরও সুন্দর, স্বস্তিদায়ক ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।