স্টাফ রিপোর্টার ::
হামের উপসর্গ নিয়ে সুনামগঞ্জের আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। নতুন করে মারা যাওয়া দুই শিশুর একজন দিরাই উপজেলার এবং অন্যজন জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য বিভাগ, সিলেটের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া শিশু দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মৃত দুই শিশুর মধ্যে দিরাই উপজেলার সাইদুল আলমের এক বছর দুই মাস বয়সী মেয়ে ইভা আক্তার এবং জগন্নাথপুর উপজেলার জান্নাত মিয়ার ১০ মাস বয়সী ছেলে রাইয়ান রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত সুনামগঞ্জে সন্দেহজনক হাম রোগে ৬৮ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে জেলায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।
একই সময়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৭৮ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জন রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ১১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ভর্তি ছিলেন ৫১৫ জন।