স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জেলা সদর পুলিশ ফাঁড়ির অভিযানে ৪২ বোতল বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নুর হোসেন (৩৫) ও সোহাগ মিয়া (২৯)। তারা সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর ও সৈয়দপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জ সদর থানার ৩ নম্বর সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালায় সদর পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিক। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জুলহাস উদ্দিনসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।