স্টাফ রিপোর্টার ::
ছাতক থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে অপরাধীরা পালিয়ে গেলেও অস্ত্রটি জব্দ করা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ১১ অক্টোবর রাত আনুমানিক ১১ টা ৫৫ মিনিটে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে ছাতক থানার নোয়ারাই ইউনিয়নের বেতুরা সাকিনে জনৈক সন্টু মিয়ার বসতবাড়ির উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের ভেতরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রাত আনুমানিক ১২ টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি দ্রুত সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া একটি কালো রঙের পলিথিন ব্যাগ থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারটিতে ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিন রয়েছে এবং এর এক পাশে ইংরেজিতে ‘ইউএসএ’ লেখা দেখা যায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে উদ্ধারকৃত আলামত ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিঃ পুলিশ সুপার (কে, এম, শহিদুল ইসলাম সোহাগ) জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।