স্টাফ রিপোর্টার ::
ছাতকে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে তাজ উদ্দিন (৩৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত ও অন্যান্য অপরাধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। তিনি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
সোমবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ছাতক উপজেলার বড়কাপন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. মনজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার তাজ উদ্দিন ছাতক উপজেলার বড়কাপন (টুকেরগাঁও) এলাকার তইছ আলী ওরফে ছইচ আলীর ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত ও অন্যান্য অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।