‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৫:৪৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৫:৪৮:৩১ অপরাহ্ন
‎স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিনির্বাপণবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। ‎
দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ রিভারভিউ পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক। ‎
সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, ফায়ার সার্ভিসের সাব-অফিসার হারুনুর রশিদ মামুন এবং কারিতাসের জুনিয়র অফিসার স্বপন নায়ক। ‎
সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রানী মোদক বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দুর্যোগসহনশীল অবকাঠামো নির্মাণে কাজ করছে। তবে শুধু সরকারের একার পক্ষে দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, তরুণ সমাজ ও সমাজসেবীদের এগিয়ে আসতে হবে। ‎
তিনি আরও বলেন, ‘আসুন, এই দিবসে আমরা অঙ্গীকার করি—দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতন থাকব, একে অপরকে সহায়তা করব এবং একটি নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করব।’ ‎
‎অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ‎
আলোচনা সভা শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় ভূমিকম্পের সময় করণীয় এবং অগ্নিনির্বাপণের কৌশল নিয়ে শিক্ষণীয় মহড়া প্রদর্শন করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com