সুনামগঞ্জ শহরের যানজট নিরসন ও আধুনিক সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশায় ট্রাফিক পয়েন্ট থেকে হাসন তোরণ পর্যন্ত চারলেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল। চার কিলোমিটার দীর্ঘ এই সড়ক শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রায় ১৪৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ ইতিমধ্যে ৬৮ থেকে ৭০ শতাংশ স¤পন্ন হয়েছে। এটি আশাব্যঞ্জক অগ্রগতি। তবে প্রকল্পের সুফল পেতে শহরবাসীকে আরও অপেক্ষা করতে হচ্ছে। নির্মাণকাজের মন্থর গতি, ধুলাবালি, কাদাপানি, ভাঙাচোরা সড়ক ও দীর্ঘ যানজটে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই প্রকল্পের কাজ দ্রুত ও নির্বিঘেœ স¤পন্ন করা এখন সময়ের দাবি।
উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য মানুষের জীবনযাত্রা সহজ করা। কিন্তু নির্মাণকাজ দীর্ঘায়িত হলে সাময়িক দুর্ভোগই একসময় জনভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়ায়। সুনামগঞ্জ শহরের চারলেন সড়ক প্রকল্পের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটছে না। বিশেষ করে বাসস্ট্যান্ড এলাকায় যানজট, সড়কের খানাখন্দ ও নির্মাণসামগ্রীর কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পথচারীদের চলাচলও হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। অটোরিকশা ও রিকশাচালকদের যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা। ফলে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি নির্মাণকালীন জনদুর্ভোগ কমানোর কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
প্রকল্প বাস্তবায়নে শুরুতে গাছ অপসারণ, বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর, অবৈধ দখল উচ্ছেদ এবং ভূগর্ভস্থ বিভিন্ন সেবা লাইন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। বর্ষাকালে বৃষ্টির কারণে কিছু কাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় পুনরায় মেরামতের প্রয়োজন হয়েছে। এসব প্রতিবন্ধকতা বাস্তব হলেও তা যেন প্রকল্পের অগ্রগতিকে অযথা বিলম্বিত না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর জানিয়েছে, এসব সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এখন প্রয়োজন সেই অগ্রগতিকে দৃশ্যমান ও টেকসই ফলাফলে রূপ দেওয়া।
প্রকল্পের কাজ ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে। তবে সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্য অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার আশা রয়েছে। এই আশাকে বাস্তবে রূপ দিতে ঠিকাদারি প্রতিষ্ঠান ও তদারককারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। নিয়মিত কাজের অগ্রগতি পর্যালোচনা, পর্যাপ্ত জনবল ও নির্মাণসামগ্রীর ব্যবস্থা এবং নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সড়কের যেসব অংশে নির্মাণকাজ চলছে, সেখানে নিরাপদ চলাচলের ব্যবস্থা, সতর্কতামূলক সাইনবোর্ড, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ধুলাবালি নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোর ব্যবস্থা রাখা প্রয়োজন। গর্ত ও ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত মেরামত করাও জরুরি।
চারলেন সড়ক শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়; এটি সুনামগঞ্জ শহরের যোগাযোগ, অর্থনৈতিক কর্মকা- ও শহরজীবনের গতিশীলতার সঙ্গে স¤পর্কিত। কাজ শেষ হলে যানজট কমবে, যানবাহন চলাচল সহজ হবে এবং শহরের সৌন্দর্য বাড়বে - এমনটাই প্রত্যাশা শহরবাসীর। তবে এসব সুফল নিশ্চিত করতে নির্মাণকাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। দ্রুত কাজ শেষ করার নামে নি¤œমানের নির্মাণ হলে ভবিষ্যতে জনভোগান্তি আরও বাড়বে।
আমরা মনে করি, চারলেন সড়ক প্রকল্পের কাজ দ্রুত স¤পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অগ্রগতি ও সময়সীমা সম্পর্কে নিয়মিত তথ্য প্রকাশের মাধ্যমে জবাবদিহিও নিশ্চিত করা প্রয়োজন। উন্নয়নের নামে মানুষের দুর্ভোগ অনির্দিষ্টকাল চলতে পারে না। সুনামগঞ্জবাসীর প্রত্যাশা, প্রতিশ্রুতি ও পরিকল্পনার গ-ি পেরিয়ে চারলেন সড়ক দ্রুত বাস্তবে পূর্ণতা পাবে।