স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে মো. মনিরুজ্জামান (৪৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাটের নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসক। মনিরুজ্জামান বরিশাল জেলার বড় নদী থানার বিজয়পুর গ্রামের মৃত আব্দুল মুতালিবের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ৩০ জনের একটি দল তাহিরপুর বাজার ঘাট থেকে ‘সীমান্ত তরী’ নামের একটি হাউসবোট নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যায়। হাওর ঘুরে দলটি রাতে টেকেরঘাট এলাকায় অবস্থান করে। বুধবার সকালে মনিরুজ্জামান অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সঙ্গে থাকা জামাল শিকদার ও পারিবারিক সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তাকে ভ্রমণে না আসার জন্য পরিবারের সদস্যরা নিষেধ করেছিলেন। তবে বন্ধুদের সঙ্গে তিনি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নওশাদ আহমেদ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই পর্যটকের মৃত্যু হয়। তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরে কোনো অভিযোগ না থাকায় পরিবারের অনুরোধে মরদেহ তার সঙ্গে আসা বন্ধুদের কাছে হস্তান্তর করা হয়েছে।