স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ এবং ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দিতে শহরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘স্টাডি অ্যাবরোড এক্সপো-২০২৬’। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের দ্যা পিস প্যালেস মিলনায়তনে এ শিক্ষা প্রদর্শনী ও কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ডেস্টিনেশন কনসালটেন্সি অ্যান্ড ট্রাভেল সাপোর্ট এজেন্সির ব্যবস্থাপনায় আয়োজিত এ এক্সপোতে শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। এতে যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনে উচ্চশিক্ষার সুযোগ এবং ভর্তির বিভিন্ন
প্রক্রিয়া স¤পর্কে ধারণা দেওয়া হয়।
এক্সপোতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, টিউশন ফি, ফুল ও পার্শিয়াল স্কলারশিপ, আইইএলটিএস প্রস্তুতি, ভিসা আবেদন এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পান। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক প্রোফাইল মূল্যায়ন, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) তৈরি এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজক এ.এস. মাহবুব, আয়োজক কমিটির সদস্য তানভীর হাসান এবং প্রশাসনিক প্রধান মুজিবুর রহমান শিক্ষার্থীদের বিনামূল্যে কাউন্সেলিং প্রদান করেন।
আয়োজকরা বলেন, সুনামগঞ্জসহ দেশের প্রান্তিক এলাকার অনেক মেধাবী শিক্ষার্থী সঠিক তথ্য ও দিকনির্দেশনার অভাবে আন্তর্জাতিক স্কলারশিপ কিংবা বিদেশের ভালো বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ কাজে লাগাতে পারেন না। যোগ্যতা থাকা সত্ত্বেও যেন কোনো শিক্ষার্থী তথ্যের অভাবে পিছিয়ে না পড়েন, সেটিই তাদের উদ্যোগের মূল লক্ষ্য। সুনামগঞ্জের তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগের সঙ্গে যুক্ত করতেই এ আয়োজন করা হয়েছে।
এক্সপোতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বিদেশে উচ্চশিক্ষার আবেদন, ভর্তিপ্রক্রিয়া ও ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে অনিশ্চয়তা ছিল। সরাসরি পরামর্শকদের সঙ্গে কথা বলে এসব বিষয়ে প্রাথমিক ধারণা পেয়েছেন তাঁরা, যা পরবর্তী পদক্ষেপ নিতে সহায়ক হবে।