শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০২:২৭:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০২:২৯:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের কাঁচাবাজারে নামতে শুরু করেছে শীতকালীন নতুন সবজি। হাটে বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় সবজির দর নেমে এসেছে সাধারণ মানুষের নাগালের মধ্যে। দীর্ঘদিন চড়া থাকার পর সবজির বাজারে এমন দরপতনে সাধারণ ক্রেতাদের মাঝে দৃশ্যমান স্বস্তি ফিরেছে। তবে বাজারে নতুন সবজির আমদানী সত্ত্বেও শিম ও টমেটোর মতো কিছু পণ্যের বাড়তি দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।
২৪ অক্টোবর (শনিবার) সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজি আসার পর লাউ, কাঁচামরিচ ও বেগুনের দাম এক সপ্তাহের ব্যবধানে অনেকটাই কমেছে। সৈয়দপুর থেকে বাজারে লাউ নিয়ে আসা বিক্রেতা আবুল খায়ের বলেন, কয়েক দিন আগেও লাউয়ের দাম চড়া ছিল।
তবে এখন সরবরাহ বাড়ায় মানভেদে প্রতি পিস লাউ ২০ থেকে ৪০ টাকায় বিক্রি করছি। দাম কমায় বেচাকেনাও বেশ ভালো। তবে সব সবজির দাম একসঙ্গে কমেনি বলে জানান আরেক ব্যবসায়ী তাজুল ইসলাম। বাজারে দরদামের হিসাব দিয়ে তিনি বলেন, বর্তমানে বাজারে বরবটি প্রতি কেজি ৪০ টাকা এবং কাঁচামরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন সবজি হলেও শিম ও টমেটো এখনো প্রতি কেজি ১২০ টাকাতেই আটকে রয়েছে। পাশাপাশি ফুলকপি বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।
​এদিকে বাজারের দরপতনের সাথে ক্রেতাদের কেনাকাটার অভ্যাসে একটি ভিন্নধর্মী চিত্র তুলে ধরেছেন বেগুন ব্যবসায়ী মোহাম্মদ ফজলু মিয়া। তিনি জানান, বর্তমানে প্রতি কেজি বেগুন ৪০ টাকা দরে বিক্রি করছেন। ফজলু মিয়া বলেন, আজ এক খাঁচা বেগুন বাজারে এনেছি, কিন্তু ক্রেতার চাহিদা তুলনামূলক কম থাকায় তেমন বেচাকেনা হচ্ছে না। অথচ কিছুদিন আগে যখন বেগুনের দাম অনেক বেশি ছিল, তখন ক্রেতাদের চাহিদা ও কেনাকাটার চাপ ছিল অনেক বেশি।

বাজারের এই দরপতন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ ক্রেতারা। পৌর শহরের তেঘরিয়া এলাকা থেকে বাজারে আসা ক্রেতা আজারুল আলম শিপু বলেন, লাউ, কাঁচামরিচ আর বরবটির দাম কমায় পরিবারের দৈনন্দিন বাজেটে কিছুটা স্বস্তি এসেছে। গত সপ্তাহের চেয়ে এখন বাজার করতে অতটা হিমশিম খেতে হচ্ছে না।
​তবে শিম ও টমেটোর চড়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অপর ক্রেতা গৃহিণী সবিতা রানী দাস। তিনি বলেন, শীতের সবজি বাজারে আসার পর শিম ও টমেটোর কেজি ১২০ টাকা আর ফুলকপি ৯০ টাকা হওয়াটা অনেকটাই অযৌক্তিক। সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়ীদের কারণে এগুলো সাধারণ মানুষের সাধ্যের বাইরে থেকে যাচ্ছে।
আরেক ক্রেতা শহরের পূর্ব নতুনপাড়ার বিমান মৈত্র জানান, কাঁচাবাজারে নিয়মিত নজরদারি ও মনিটরিং বজায় রাখা জরুরি। বিক্রেতারা যেন নতুন সবজির অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে দাম বেশি না নিতে পারেন, সেদিকে প্রশাসনের নজর দেওয়া উচিত।

সার্বিকভাবে, শীতকালীন নতুন সবজির সরবরাহ বাড়ায় সুনামগঞ্জের কাঁচাবাজারে ক্রেতাদের মধ্যে যেমন স্বস্তি এসেছে, তেমনি অতিপ্রয়োজনীয় কিছু সবজির দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com