ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১০:৩৮:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১০:৩৮:৩৩ পূর্বাহ্ন
লন্ডন:
ব্রিটেনে বাংলা সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমে দীর্ঘদিনের অবদান এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক, টেলিভিশন প্রযোজক ও রানার টিভির প্রতিষ্ঠাতা আ স ম মাসুম। চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬-এর জমকালো আয়োজনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। বার্মিংহামের অভিজাত নিউ বিংলে হলে পাঁচ শতাধিক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে আ স ম মাসুমের হাতে সম্মাননা তুলে দেন বার্মিংহাম মেইলের সম্পাদক গ্রায়াম ব্রাউন। অনুষ্ঠানে ব্যবসা, গণমাধ্যম, পেশাগত উৎকর্ষ এবং কমিউনিটি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২১ জন সফল ব্রিটিশ বাংলাদেশি ও অন্যান্য ব্রিটিশ ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে ব্রিটেনের ১৫টি সফল ব্যবসাপ্রতিষ্ঠানকেও বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা, টেলিভিশন প্রযোজনা, অনুসন্ধানী প্রতিবেদন, ডিজিটাল গণমাধ্যম এবং আন্তর্জাতিক মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন আ স ম মাসুম। বাংলাদেশের সংবাদপত্র থেকে শুরু করে ব্রিটেনের মূলধারার রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা-সম্ভাবনা এবং বিশ্বের বিভিন্ন দেশের মানবিক সংকট নিয়ে কাজ করেছেন তিনি। ২০০০ সালে বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোয় লেখালেখির মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা। ২০০৩ সালে চ্যানেল এস বাংলাদেশে প্রযোজক হিসেবে যোগ দেন। পেশাগত দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ পরের বছর প্রতিষ্ঠানটির সিলেট ব্যুরোপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ২০০৬ সালে ব্রিটেনে এসে চ্যানেল এস ইউকেতে সিনিয়র প্রযোজক হিসেবে যোগ দেন। এ সময় জনপ্রিয় রিয়েলিটি শো ‘চ্যানেল এস স্টার’-এর সহপ্রযোজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি বিশেষ প্রতিবেদক হিসেবে ব্রিটেনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠান কাভার করেন। তাঁর সাংবাদিকতার অভিজ্ঞতায় রয়েছে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ। ২০১০ সাল থেকে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত সংবাদপত্রগুলোর অন্যতম দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে যুক্ত রয়েছেন মাসুম। পরবর্তী সময়ে ব্রিটেনের বাংলা টেলিভিশন চ্যানেল বাংলা টিভির হেড অব প্রোগ্রাম হিসেবেও দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক মানবিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর বিশেষ অবদান। ২০১৫ সাল থেকে ইকরা টিভি ও আল খায়ের ফাউন্ডেশনের সঙ্গে কাজ করার সুবাদে বিশ্বের ৬০টির বেশি দেশে সফর করেছেন তিনি। বিভিন্ন দেশে যুদ্ধ, দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ এবং মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনসংগ্রাম ও আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম ক্যামেরায় তুলে ধরেছেন। ডিজিটাল সাংবাদিকতার সম্ভাবনাকে কাজে লাগাতে ২০১২ সালে প্রতিষ্ঠা করেন রানার টিভি। ২০১৯ সালে নতুনভাবে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটিকে ব্রিটেনভিত্তিক একটি বাংলা ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে গড়ে তোলেন। ব্রিটেনের রাজনীতি, অভিবাসন, কমিউনিটি সমস্যা, ব্যবসা-বাণিজ্য ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রানার টিভির সংবাদ পরিবেশনায় বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক নেতৃত্বেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন আ স ম মাসুম। ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিকদের অন্যতম প্রাচীন সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবে দীর্ঘ ১১ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। সংগঠনটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে আজীবন সদস্যসংখ্যা বৃদ্ধি, নিজস্ব সম্পত্তি ক্রয়, স্থায়ী অফিস প্রতিষ্ঠা এবং গঠনতন্ত্র সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পেশাগত জীবনে সাংবাদিকতায় অবদানের জন্য দেশে-বিদেশে একাধিক সম্মাননা অর্জন করেছেন তিনি। ২০১৮ সালে মর্যাদাপূর্ণ ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার ১০০’ তালিকায় স্থান পান। একই বছর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্টস অ্যাসোসিয়েশন থেকে আজীবন সম্মাননা অর্জন করেন। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে সাংবাদিকতার মাধ্যমে বিশেষ অবদানের জন্য ক্যানারি ওয়ার্ফ গ্রুপের স্বীকৃতিও পেয়েছেন তিনি। ২০২৫ সালে রিপোর্টার্স ইউনিটি থেকে ‘সেরা অনুসন্ধানী সাংবাদিক’ এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন থেকে ‘সেরা মাল্টিমিডিয়া রিপোর্টার’ পুরস্কার অর্জন করেন। ২০২৬ সালে লন্ডন বাংলা প্রেস ক্লাব তাঁকে ‘সেরা অনলাইন রিপোর্টার’ হিসেবে সম্মানিত করে। পেশাগত উৎকর্ষ অর্জনে নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন মাসুম। ২০০২ সালে পরিবেশ সাংবাদিকতায় প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৩ সালে চ্যানেল এস থেকে ছয় মাসের টেলিভিশন প্রযোজনা কোর্স সম্পন্ন করেন। ২০০৪ সালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, জাতীয় প্রেস ক্লাব ও খেলাঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০২২ সালে স্মার্ট ফিল্ম স্কুল থেকে মোবাইল সাংবাদিকতার ওপর বিশেষ প্রশিক্ষণ নেন। ২০১৬ সাল থেকে নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমেও অবদান রেখে আসছেন। গণমাধ্যমের বাইরে ব্রিটেনের স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক উন্নয়ন কার্যক্রমেও সক্রিয় আ স ম মাসুম। তিনি ইস্টহ্যান্ডস চ্যারিটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবেশ সচেতনতা ও কার্বন নিঃসরণ হ্রাসে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, সিটি ব্রিজ ফাউন্ডেশন এবং বার্মিংহাম সিটি কাউন্সিলের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পে প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন তিনি। সংবাদ সংগ্রহ ও পরিবেশনা, নতুন গণমাধ্যম প্রতিষ্ঠা, সাংবাদিক সংগঠনের উন্নয়ন, আন্তর্জাতিক মানবিক কার্যক্রম এবং সমাজসেবায় আড়াই দশকের বেশি সময়ের অবদানের স্বীকৃতি হিসেবে এবারের ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ আ স ম মাসুমের সাংবাদিকতা জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে যুক্ত হলো। ব্রিটেনে বাংলা সাংবাদিকতার বিকাশ এবং প্রবাসী কমিউনিটির কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রে তাঁর দীর্ঘ পথচলার এই স্বীকৃতি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com